অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর: এড. মনা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্মীয় স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের সব ধর্মের মানুষকে একত্রিত করে সম্প্রীতির বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নগরীর বিভিন্ন পূজা ম-প পরিদর্শনকালে পুজারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কারের যে ৩১ দফার কর্মপরিকল্পনা দিয়েছেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ দফা হলো ধর্মীয় স্বাধীনতায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। বাংলাদেশে যে ধর্মের যে উৎসব হবে- মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টান- আমরা আন্তরিকতার সঙ্গে সেই উৎসবে সহমর্মিতা প্রকাশ করব। এর মধ্য দিয়েই প্রকৃত সম্প্রীতির সমাজ গড়ে উঠবে। তিনি আরো বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার ধর্মীয় সম্প্রীতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। যখনই কোনো মন্দিরে হামলা হয়েছে বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তা বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রমাণিত হয়েছে- এসব হামলা আওয়ামী লীগ নিজেরাই করেছে, যাতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়। হিন্দু সম্প্রদায়ের প্রতি আস্থার বার্তা দিয়ে বলেন আওয়ামী লীগ সবসময় আপনাদের ‘সংখ্যালঘু’ বলেছে। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করেন না। আপনারা আমাদের ভাই, প্রতিবেশী, বাবা-মা, ভাই-বোন ও সন্তান। বিএনপি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চায়। এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ পুজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



