দীর্ঘ ২৪ বছর পর অব্যাহতি পেলেন বিএনপির সাবেক এম পি সেলিম

# জন-নিরাপত্তা আইনের মামলা #
বাগেরহাট প্রতিনিধি ঃ দীর্ঘ ২৪ বছর পর আদালতে হাজির হয়ে জননিরাপত্তা আইনের একটি মামলা থেকে অবশেষে অব্যাহতি পেলেন বিএনপি দলীয় সাবেক এমপি এম এ এইচ সেলিম। মঙ্গলবার দুপুরে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আব্দুর সবুরের আদালতে হাজির হয়ে তিনি মামলা থেকে অব্যাহতির আবেদন জানান । আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানি শেষে ওই মামলা থেকে সেলিমসহ ১৩ জনকে অব্যাহতি দেন। আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালে বাগেরহাট শহরের রেল রোডস্থ আওয়ামী লীগ অফিস ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে সাবেক এমপি এম এ এইচ সেলিমসহ ৩০ থেকে ৩৫ জনের নামে জননিরাপত্তা আইনে একটি মামলা করেন। পরবর্তীতে পুলিশ ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। আসামি পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, মামলায় এম এ এইচ সেলিমসহ ১৩ জন আসামি ছিলেন। ২০০১ সালের জননিরাপত্তা আইনের মামলাটি দীর্ঘদিন আদালতে স্থগিত অবস্থায় ছিল। অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মঙ্গলবার পূর্ণাঙ্গ শুনানি শেষে এই মামলার দায় থেকে সেলিমসহ সকল আসামীকে অব্যাহতি দেন। এম এ এইচ সেলিম বলেন, ‘দীর্ঘদিন মামলাটি স্থগিত অবস্থায় ছিল। এক পর্যায়ে নিরপেক্ষ সরকার আসার পর বিজ্ঞ আদালত মামলা থেকে অব্যাহতি দিয়েছে। আর আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ও আয়নাঘরে নেওয়ার হুমকির কারণে আমি জেলা বিএনপির সভাপতির পদ থেকে ওই সময়ে পদত্যাগ করেছিলাম। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি আবারও বাগেরহাটে সংসদ নির্বাচন করব। উল্লেখ্য এম এ এইচ সেলিম ২০০১ সালে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাগেরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।



