খুলনায় মৃত ও অক্ষম সরকারি কর্মচারীর পরিবারের মধ্যে ৪০ লাখ টাকার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ৮ জন মৃত ও শারীরীক অক্ষম সরকারি কর্মচারীর পরিবারের মধ্যে ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ মংগলবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট ৮টি পরিবারের সদস্যদের হাতে উল্লিখিত পরিমাণ অর্থের চেক তুলে দেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখার নির্দেশনা (স্মারক নং-৫৬১, তারিখ: ৩১.০৭.২০২২) মোতাবেক ‘বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০ (সংশোধিত)’ অনুযায়ী বিভাগীয় আবেদন যাচাই-বাছাই ও সুপারিশ কমিটির সভার সুপারিশের আলোকে ৪ জন মৃত কর্মচারীর পরিবারকে ৮ লাখ টাকা করে মোট ৩২ লাখ টাকা এবং ২ জন কর্মচারিকে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান বাবদ ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবেদনকারীগণের অনুকূলে স্ব-স্ব একাউন্স পেয়ী চেকসমূহ বিতরণ করেন। চেক প্রদানকৃত পরিবারগুলো হচ্ছে- মৃত্যুজনিত কারণে পুলিশ কনস্টেবল মোঃ বিল্লাল হোসেন, কনস্টেবল মোঃ ফজলুল হক, বানৌজা তিতুমীর খালিশপুর খুলনাস্থ অধিনায়কের সচিবালয়ের অফিস সহায়ক মোঃ মাহমুদ হোসেন ও বিভাগীয় সমবায় কার্যালয় খুলনার ফটোকপি অপারেটর মোঃ আসাদুল্লাহ এবং চাকুরীরত অবস্থায় স্থায়ী অক্ষমতাজণিত অবসরপ্রাপ্ত ২জন কর্মচারী হলেন কনস্টেবল আলমগীর হোসেন তরফদার ও কনস্টেবল ফাতেমা তুজ সাদিয়া। এদিকে, পরিবারের কর্মক্ষম/কর্মরত সদস্যের মৃত্যু এবং অক্ষম জনিত কারণে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পরিবারের সদস্যরা সরকারের এ আর্থিক অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করেন।



