স্থানীয় সংবাদ

যশোরে প্রবাসীর অর্থ আত্মসাৎ : প্রেমের ফাঁদে ফেলে বিয়ে

# জমি-গহনার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ #

যশোর ব্যুরো ঃ যশোরে এক প্রবাসীর প্রায় আট লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে করে প্রতারণা করার অভিযোগে এক নারী ও তার মায়ের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগে করেছেন প্রবাসী মোঃ সজীব হোসেন (২৪)। সজীব হোসেন শহরের শংকরপুর বটতলা মসজিদ ইসাহাক সড়ক এলাকার মামুন হোসেনের ছেলে। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন,২০১৮ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে লেবাননে যান তিনি। প্রবাসে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জান্নাতুল নাহার মুনমুন (২৩)-এর সঙ্গে তার পরিচয় ঘটে। অভিযোগে বলা হয়, মুনমুনের মা আকলিমা খাতুন (৪৫) এ সম্পর্ক মেনে নিয়ে দেশে ফিরে তাদের বিয়ে দেবেন বলে আশ্বাস দেন। এক পর্যায়ে তারা স্বর্ণালংকার তৈরির অজুহাতে মানিগ্রামের মাধ্যমে তিন লাখ টাকা পাঠাতে বলেন। পরে জমি কেনার প্রলোভন দেখিয়ে আরও পাঁচ লাখ টাকা পাঠাতে বলেন। প্রবাসী সজীব টাকা পাঠালে অভিযুক্তরা তা উত্তোলন করে নেয়। দেশে ফেরার পর সজীব মুনমুনকে বিয়ের পরে জানতে পারেন,তার নামে জমি না কিনে মুনমুনের বড় বোন মিমের নামে জমি রেজিস্ট্রি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় মুনমুন সংসার না করার হুমকি দেন। পরবর্তীতে স্থানীয়ভাবে সালিশের চেষ্টা ব্যর্থ হলে ৮ অক্টোবর সকালে গহনা ও জমির বিষয়ে কথা বলায় মুনমুন তার মায়ের বাড়িতে চলে যান। সজীব হোসেনের অভিযোগ, উভয়ে তার প্রবাস জীবনের সঞ্চয় আত্মসাৎ করেছে এবং এখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে। ঘটনাটি জানেন স্থানীয় বাসিন্দা ডলি ও আসাদুর রহমানসহ অনেকে। অভিযোগের বিষয়ে কোতোয়ালি মডেল থানার এস আই চঞ্চল কুমার বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button