স্থানীয় সংবাদ

সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে: বকুল

# খালিশপুরে চার ইউনিটের নারী সমাবেশ #

স্টাফ রিপোর্টার ঃ দেশে চলমান তীব্র অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও সামাজিক অবক্ষয়ের জন্য বর্তমান সরকারকেই দায়ী করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া এই সংকট থেকে উত্তরণের কোনো পথ নেই। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে খালিশপুর থানাধীন ৯নং ওয়ার্ডে গোয়ালখালী ইউনিট ও নেছারিয়া মাদ্রাসা ইউনিটসহ চারটি ইউনিটের নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, খালিশপুর মহিলা দলের আহ্বায়ক শাহানাজ সরোয়ারসহ ৯ নং ওয়ার্ডের মহিলা দলের আহ্বায়ক সদস্য সচিব উপস্থিত ছিলেন। রকিবুল ইসলাম বকুল বলেন, খালিশপুরের অর্থনৈতিক ভরকেন্দ্র ছিল মিল-কারখানা। কিন্তু বর্তমান সরকার সেগুলো একে একে বন্ধ করে দিয়েছে। কর্মসংস্থানের অভাবে হাজারো পরিবার দুঃসহ জীবন যাপন করছে। কেউ রিকশা চালাচ্ছে, কেউ ছোট দোকান খুলেছে-তাও লোকসানের মুখে। তিনি আরও বলেন, চাকরি হারানো তরুণেরা হতাশ হয়ে পড়ছে। এই হতাশাকে পুঁজি করে মাদক ব্যবসায়ীরা তাদের জালে টেনে নিচ্ছে। যে পরিবারে একজন মাদকাসক্ত আছে, কেবল তারাই বোঝে এর যন্ত্রণা কতটা ভয়াবহ। তিনি আওয়ামী লীগ সরকারকে “বিনা ভোটের সরকার” আখ্যা দিয়ে বলেন, “গত ১৫ বছরে এই সরকার উন্নয়নের নামে কলকারখানার মেশিন পর্যন্ত বিক্রি করে দিয়েছে। রাতের আঁধারে ভোট করে বা ভোট ছাড়াই ক্ষমতা দখল করে। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই, তাই দুঃখ-দুর্দশা নিয়েও তাদের কোনো চিন্তা নেই। তিনি বিএনপির ঘোষিত ‘৩১ দফা রূপরেখা’র কথা তুলে ধরে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি ঘরে কর্মসংস্থান, নিরাপত্তা ও মর্যাদা ফিরিয়ে আনা হবে। বকুল উল্লেখ করেন, বিএনপি সরকারে এলে বন্ধ মিল-কারখানা পুনরায় চালু করে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।প্রতিটি পরিবারের নারীর নামে ‘ফ্যামিলি কার্ড’ ও নারী-শিশুদের বিনামূল্যে চিকিৎসার জন্য ‘হেলথ কার্ড’ দেওয়া হবে।খালিশপুরের একটি হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।নারী উদ্যোক্তা তৈরির জন্য কুটির শিল্পসহ নানা প্রকল্পে সহায়তা দেওয়া হবে।
জনগণের উদ্দেশে বকুল বলেন, “যারা শুধু ভোটের সময় এসে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তাদের জিজ্ঞাসা করুনÍ এতদিন কোথায় ছিলেন? আমাদের জন্য কী করেছেন? যারা বলে ‘নৌকা মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে’, তাদের এই প্রতারণা থেকে সাবধান থাকুন।” তিনি আরও বলেন, “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবÍ এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লড়াই করছে বিএনপি।” বক্তব্যের শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “শুধু নির্বাচনের প্রস্তুতি নিলেই হবে না, নির্বাচনের পর জনগণের সমস্যা সমাধানে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button