স্থানীয় সংবাদ

খুলনায় অগ্নিকা-ে জামাত অফিসসহ ৯ ব্যবসা প্রতিষ্ঠান ও গ্যারেজ ভষ্মিভূত

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর খালিশপুরের মুজগুন্নি এলাকায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ডের অফিসসহ সাতটি দোকান ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাতে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের ধারণা, পাশের একটি ইজি বাইকের গ্যারেজ বা বেকারি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের বয়রা, দৌলতপুর ও খালিশপুর স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ডাম্পিং কার্যক্রমের মাধ্যমে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, কয়েক মিনিটের মধ্যেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কেউ দোকানে ঢুকতে পারেনি।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোশাররফ বলেন, সব পুড়ে গেছে, কিছুই বাঁচাতে পারিনি।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, আগুনে কোনো প্রাণহানি ঘটেনি, তবে সাতটি দোকান, দুটি গ্যারেজ এবং জামায়াতে ইসলামী কার্যালয়ের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, আনুমানিক ৩০ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অগ্নিনির্বাপক কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ নির্ণয় এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button