তেরখাদায় পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

তেরখাদা প্রতিনিধি: তেরখাদায় পুকুরে ডুবে সাইমন ফকির (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা তিনটার দিকে তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের অর্জুনা বলদ্বনা গ্রামে নানা বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত সাইমন ফকির নড়াইলের কালিয়া উপজেলার কুঞ্জপুর গ্রামের রিপন ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার পর সবাই বিশ্রামে যান। এ সময় সাইমন খেলার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেরখাদা থানার ওসি (ভারপ্রাপ্ত) মেহেদি হাসান জানান, ঘটনাটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। শিশুটির মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।



