ধর্ম আমাদের আত্মার শান্তির জন্য, ভোটের জন্য নয় – রূপসায় বিএনপি নেতা হেলাল

রূপসা প্রতিনিধি: বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না।
বরং ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ভোট জনগণের অধিকার। ধর্ম আমাদের আত্মার শান্তির জন্য, ভোটের জন্য নয়। যারা বলে অমুক মার্কায় ভোট দিলে বেহেশত মিলবে, তারা আল্লাহর দীনকে উপহাস করছে।
তিনি আরো বলেন, ২০১৮ সালে দিনের ভোট রাতে শেষ হয়েছে। এবার দেশের মানুষ আর সেই অপমান সইবে না। ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে।
আওয়ামী লীগের রাজনীতিকে মানুষের প্রতি নিপীড়ন ও অত্যাচারের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, “গত ১৭ বছরে তারা জনগণকে শুধু কষ্ট দিয়েছে। এজন্য তারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এক বছরের মধ্যেই এক কোটি বেকারের কর্মসংস্থান করবে।বিএনপি ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা রক্ষায় ফ্যামিলি কার্ড এবং কৃষি পরিবার গুলোতে কৃষি কার্ড চালু করা হবে, যার মালিক হবেন পরিবারের মা অথবা বোন।
বিএনপি সরকারের সময় চালু হওয়া নারীর নিরাপত্তা ও শিক্ষাবান্ধব উদ্যোগের স্মরণ করিয়ে তিনি বলেন, “বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মেয়েদের বিনামূল্যে শিক্ষা বিএনপি-ই চালু করেছে। এবার ক্ষমতায় গেলে সেই ধারাবাহিকতা আরও জোরদার হবে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা মহিলা দলের সভাপতি এড: তসলিমা খাতুন ছন্দা। নার্গিস বেগম এর সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


