বাগেরহাটের সুন্দরবনে শিকারীর ফাঁদ থেকে আবারও হরিণ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ঃ মাত্র ৩ দিনের ব্যবধানে বাগেরহাটের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনাঞ্চলে চোরা শিকারীদের পেতে রাখা ফাঁদ থেকে আরো একটি চিত্রল হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা। রবিবার দুপুরে জোংড়া টহল ফাঁড়ীর কালীর খাল সংলগ্ন বনের মধ্যে ফাঁদে আটক হরিণসহ তিনটি মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে। ফাঁদ থেকে উদ্ধার করে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এর আগে গত ৮ জানুয়ারী পুর্ব-সুন্দরবনের মৃগামারী বনাঞ্চলে শিকারীদের পাতা ফাঁদে আটক একটি চিত্রল হরিণ উদ্ধার করে বনে ছেড়ে দেন বনরক্ষীরা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, সুন্দরবনের জোংড়া ফরেষ্ট টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার নজরুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা রবিবার দুপুরে সুন্দরবনের জোংড়া বনাঞ্চলে হেটে টহলের সময় সুন্দরবনের কালীর খাল সংলগ্ন বনের মধ্যে শিকারীদের পেতে রাখা মালা ফাঁদে একটি চিত্রল হরিণ আটকে রয়েছে দেখতে পায়। বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশী করে তিনটি মালা ফাঁদ উদ্ধার করেন। শিকারীর পাতা ফাদে আটক হরিণটিকে উদ্ধার করে তৎক্ষনাত সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। এসময়ে শিকারীদের বানানো একটি টংঘর ভেঙ্গে দিয়েছেন বনরক্ষীরা। এরআগে গত ৮ জানুয়ারী মৃগামারী বনাঞ্চলে শিকারীদের পাতা ফাঁদে আটক একটি চিত্রল হরিণ উদ্ধার করে বনে ছেড়ে দেন বনরক্ষীরা।
