খুলনায় যুবদল সদস্যসহ ২ জনকে গুলিবিদ্ধ : খুমেক হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর লবণচরা থানাধীন পুটিমারী বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে যুবদলের এক সদস্যসহ দুইজনকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে পুটিমারী বাজার সংলগ্ন বিএনপি অফিসের ভেতরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৫) এবং জাহিদ (৩৫)। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তারা সার্জারি ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে পারভেজ সেখানে প্রবেশ করে। পরে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাসুম বিল্লাহর বাম পায়ের রানে এবং জাহিদের ডান হাতের বাহুতে গুলি লাগে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামে এক ব্যক্তি তাদের গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।



