স্থানীয় সংবাদ

নড়াইলে হবখালীতে মসজিদ কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

নড়াইল প্রতিনিধি

নড়াইলের হবখালীর সিঙ্গিয়া বনিকপাড়া জামে মসজিদের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতদের নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে আলম গ্রুপের সিঙ্গিয়া এলাকার মোজাম বিশ্বাসের ছেলে ইস্রাফিল বিশ্বাস, আবু সরমার ছেলে বাদশা, দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে মোচা বিশ্বাস ও তার ভাই লিপন বিশ্বাস, ওই এলাকার জিন্না বিশ্বাস, মো. রাব্বি বিশ্বাসসহ মোট ৮ জন।

অপরদিকে মেজবা গ্রুপের আহত ৪ জন হলেনÑ সিঙ্গিয়া পাড়ার আরব আলী বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস ও তার ভাই লিটন বিশ্বাস, হোসেন বিশ্বাসের ছেলে মশিয়ার বিশ্বাস এবং হাশেম মোল্লার ছেলে নাসিরুল মোল্লা। তারা সবাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া বনিকপাড়া জামে মসজিদের কমিটি নিয়ে আলম ও মেজবা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মসজিদ কমিটি নিয়ে নিয়ে একটি আলোচনা সভা চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button