ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ

# খুলনা মহানগরী জামায়াতের ওয়ার্ড আমীর-সেক্রেটারি সম্মেলন ২০২৬ #
স্টাফ রিপোর্টার ঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জমায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। তিনি শিশু রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার আহবান জানান। তিনি বলেন, সর্বস্তরে নৈতিক শিক্ষা নিশ্চিত না করতে পারলে এ ধরনের অপরাধ কমবে না। নৈতিক শিক্ষার অভাবেই এ ধরনের অপরাধ বাড়ছে। এ জন্য সামাজিকভাবে সচেতনা ও আন্দোলন গড়ে তোলার আহবান জানান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে ওয়ার্ড আমীর/ সভাপতি ও সেক্রেটারি সম্মেলন ২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, মিম মিরাজ হোসাইন, মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ মোহাম্মদ অলিউল্লাহ, মোহাম্মদ আব্দুল গফুর, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মোশাররফ আনসারী, হরিণটানা থানা আমীর সেলিম বাহার, লবণচরা থানা আমীর মোজাফফর হোসেন প্রমুখ। মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য আন্দোলন করে না, বরং দেশের স্বার্থে ও মানবকল্যাণের উদ্দেশ্যে সংগ্রাম করে। জামায়াত অতীতে নানা লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে এসেছে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে ও দেশপ্রেমকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সকল ওয়ার্ড নেতাদের উদ্দেশে তিনি নির্দেশনা দিয়ে বলেন, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষ ও কর্মীর খোঁজ-খবর রাখতে হবে এবং তাদের বিপদ-আপদে পাশে দাঁড়াতে হবে। তিনি দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, এই কাফেলাকে এগিয়ে নিতে দ্বীনি কাজে সময়, জান ও মাল ব্যয় করতে হবে। সভাপতির বক্তৃতায় মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, যারা জামায়াতের আংশিক সৌন্দর্য দেখে ভোটের মতো আমানত তুলে দিয়েছে, তারা যদি সংগঠনটির ভেতরের সৌন্দর্য দেখতে পায় তাহলে আরো বেশি জামায়াতের দিকে ঝুঁকে পড়বে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আগামীর জন্য আমাদের আরো দাওয়াতি কাজ করতে হবে।



