স্থানীয় সংবাদ

কেসিসির পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদান বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পশু কোরবানি করার জন্য নগরীর একত্রিশটি ওয়ার্ডে একশত চল্লিশটি স্থান নির্ধারণ করা হয়েছে এবং নির্ধারিত স্থানসমূহে পশুবর্জ্য সংরক্ষণের জন্য কেসিসি’র পক্ষ থেকে বস্তা সরবরাহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পশুবর্জ্য অপসারণসহ নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য তিনি পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দেন। কেসিসি প্রশাসক রবিবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার হিসেবে এ অনুদান প্রদান করেছেন। প্রশাসক আগামীতে দৈনিক দুইবার শহর ঝাড়ু দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে উল্লেখ করেন এবং নগরীর ২২, ২৮, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডে জোয়ারের পানি প্রবেশ বন্ধে স্লুইচ গেটসমূহ মেরামত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রশাসক পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন। তিনি ৭’শ ২৮ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ৫ হাজার টাকা করে ৩৬ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button