স্থানীয় সংবাদ

স্ত্রী ও ৭ বছরের কন্যা অপহরণের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মিন্টু কাজী তার স্ত্রী ও ৭ বছর বয়সী নাবালিকা কন্যাকে অপহরণের অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি স্ত্রী ও কন্যাকে দ্রুত উদ্ধার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। লিখিত আবেদনে মিন্টু কাজী উল্লেখ করেন, পারিবারিক সমস্যার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর তিনি সন্তানদের নিয়ে ঢাকার শাহআলী থানাধীন মিরপুর এলাকায় বসবাস শুরু করেন। সেখানে তিনি তার পুত্রকে স্থানীয় মাদ্রাসায় এবং কন্যাকে একটি কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করান। আবেদনে অভিযোগ করা হয়, তার গ্রামের কয়েকজন ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে প্ররোচিত করেন। গত ২ মে ২০২৬ সকালে তারা তার বাসার ঠিকানা সংগ্রহ করে এসে তার স্ত্রী ও ৭ বছর বয়সী কন্যাকে নিয়ে যায়। একই সঙ্গে বাসা থেকে নগদ প্রায় ২ লাখ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। মিন্টু কাজীর দাবি, দীর্ঘ অনুসন্ধানের পর তিনি জানতে পেরেছেন যে তার স্ত্রী ও কন্যাকে গ্রামের একটি গোপন স্থানে আটকে রাখা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তাদেরকে যে কোনো সময় পাচার বা অন্য কোনো অপরাধমূলক কাজে ব্যবহার করা হতে পারে। এ ঘটনায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে স্ত্রী ও কন্যাকে দ্রুত উদ্ধার, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনপত্রের অনুলিপি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বাগেরহাটের পুলিশ সুপার, মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ঢাকার শাহআলী থানার ওসির কাছেও পাঠানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button