খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন জয়খালী উত্তরপাড়া এলাকায় একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী (৪০) নামে এক দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত ডালিম গাজী কয়রা উপজেলার আব্দুর শেখ গাজীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং ধান কাটার কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জয়খালী ব্রিজের আগে জয়খালী উত্তরপাড়া বায়তুল মা’মুর জামে মসজিদের ইমাম মো. সোহরাব হোসেন ফজরের আজান ও নামাজ আদায়ের জন্য মসজিদে এসে গেটের ভেতরে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি হরিণটানা থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “নিহত ব্যক্তি দিনমজুর হিসেবে কাজ করতেন। তার মাথায় ইটের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”



