ঈদ উল আযহার আগে দৈনিক জনকণ্ঠের সংবাদকর্মীদের ন্যায্য অধিকার আদায় না হলে বৃহত্তর কর্মসূচি

# বিএফইউজে-এমইউজে খুলনার বিবৃতি #
খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র ঈদ উল আযহার আগে দৈনিক জনকণ্ঠে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের ঈদ বোনাস, বেতন-ভাতা ও বকেয়া পরিশোধ না করে চাকরিচ্যুত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে) ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা। একই সঙ্গে নেতৃবৃন্দ জনকণ্ঠ কর্তৃপক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। অন্যথায় সংবাদকর্মীদের ন্যায্য অধিকার আদায়ে বিএফইউজে-এমইউজে খুলনা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
সোববার (২৫ মে) বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বিএফইউজে ও এমইউজে খুলনা নেতৃবৃন্দ বলেছে, দৈনিক জনকণ্ঠ পত্রিকায় কর্মরত অন্তত অর্ধশতাধিক সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়া একযোগে অবৈধভাবে চাকরিচ্যুত করার ঘটনা বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে বিরল।
বিবৃতিতে আরও বলা হয়, অন্তত অর্ধশতাধিক সংবাদকর্মীকে ‘মবকারী’ আখ্যা দিয়ে হঠাৎ করে চাকরিচ্যুত করা হয়েছে, যাদের অনেকেই ১৫ থেকে ৩৩ বছর পর্যন্ত প্রতিষ্ঠানটিতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ঈদ উল আযহার প্রাক্কালে এমন অমানবিক সিদ্ধান্ত শুধু শ্রম আইন ও ওয়েজবোর্ড পরিপন্থী নয়, এটি সংবাদকর্মীদের মানবিক মর্যাদার ওপরও আঘাত।
বিবৃতিতে বিএফইউজে ও এমইউজে খুলনা নেতৃবৃন্দ বলেছে, অবিলম্বে সকল বকেয়া বেতন পরিশোধ, বাধ্যতামূলক চাকুরিচ্যুতের নোটিশ বাতিল এবং সংবাদকর্মীদের কাজে যোগদান নিশ্চিত করতে হবে। বিএফইউজে-এমইউজে খুলনার দাবি- চাকরিচ্যুত সকল সংবাদকর্মীর বৈধ পাওনা ও সার্ভিস বেনিফিট পরিশোধ করতে হবে। অন্যায় ও একতরফা চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার অথবা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। রিপোর্টারসহ সকল সংবাদকর্মীর বকেয়া বেতন ও ঈদ বোনাস অবিলম্বে পরিশোধ করার আহবান জানান।


