বিশেষ অভিযানে কেএমপির জালে ২২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ৭ জুন সন্ধ্যা ৬টা থেকে ৮ জুন সকাল ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা এলাকা থেকে ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১ জন, লবণচরা থানা থেকে ৪ জন, হরিণটানা থানা থেকে ১ জন, খালিশপুর থানা থেকে ১ জন, দৌলতপুর থানা থেকে ২ জন, আড়ংঘাটা থানা থেকে ১ জন, খানজাহান আলী থানা থেকে ২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১ জনকে গ্রেফতার করে।পুলিশ জানায়, অভিযানে সন্ত্রাসী বিল্লাল (২৫) ও তাওহিদুল ইসলাম তুষার (৩২)সহ একাধিক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আরও ৫৫ জনকে গ্রেফতার করেছে কেএমপি। এ সময় খুলনা থানা এলাকা থেকে ১৮ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১১ জন, লবণচরা থানা থেকে ৮ জন, হরিণটানা থানা থেকে ১ জন, খালিশপুর থানা থেকে ৪ জন, দৌলতপুর থানা থেকে ৪ জন, আড়ংঘাটা থানা থেকে ১ জন, খানজাহান আলী থানা থেকে ৫ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জনকে গ্রেফতার করা হয়। কেএমপি জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



