স্থানীয় সংবাদ

খুলনায় ডাক বিভাগের পরীক্ষায় প্রক্সি দিতে এসে দু’ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ পিএমজি দক্ষিণাঞ্চল-এর মেইল অপারেটর পদে মৌখিক বদলি পরীক্ষায় অংশ নিতে এসে দু’জন গ্রেপ্তার হয়েছেন। রবিবার দুপুরে তাদের পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে সোনাডাঙ্গা থানায় নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক্স ডিভাইসও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দুলাল গ্রামের বাসিন্দা মুসলিম আলীর ছেলে হুমায়ুন মিয়া ও সিরাজগঞ্জ জেলার বেলফুলিয়া উপজেলার আশ্রাব আলীর ছেলে মনিরুল ইসলাম। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, পিএমজি দক্ষিণাঞ্চল-এর মেইল অপারেটর পদে প্রার্থী ছিলেন গ্রেপ্তার হওয়া উল্লিখিত দু’জন। গত ১৫ মে লিখিত পরীক্ষায় তাদের স্থানে অপর দু’জন বদলি পরীক্ষায় অংশ নেয়। রবিবার মৌখিক পরীক্ষা ছিল। কিন্তু আগের দিন উপস্থিত থাকা দু’জন না এসে তারা পরীক্ষা দিতে আসে। তাদের কথাবর্তায় অসংলগ্ন থাকায় পরীক্ষা নিয়ন্ত্রকের সন্দেহ হয় এবং ঘটনাটি পুলিশকে অবগত করলে থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button