স্থানীয় সংবাদ

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বটিয়াঘাটায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ খুলনার বটিয়াঘাটা উপজেলার ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের টালিয়ামারা গ্রামের প্রগতি মোড়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ে চাকরি দেওয়ার কথা বলে হাফেজ মোহাম্মদ আবদুস শাকুর বিশ্বাসের কাছ থেকে ৩ লাখ টাকা গ্রহণ করেন হেমায়েত হোসেন ফারুক। তবে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না দিয়ে বিভিন্ন স্থানে কয়েকদিন কাজ করানোর পর বেতন প্রদানে টালবাহানা করা হয়। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকৃতি জানান তিনি। বক্তাদের দাবি, হেমায়েত হোসেন ফারুক চাকরির প্রলোভন দেখিয়ে আরও অনেকের কাছ থেকে অর্থ ও সম্পদ গ্রহণ করেছেন। তারা অভিযোগ করেন, টাকা ফেরতের দাবির জেরে হাফেজ মোহাম্মদ আবদুস শাকুর বিশ্বাস ও তার বড় ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির বিশ্বাসের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধনে আরও বলা হয়, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে হেমায়েত হোসেন ফারুক তার স্ত্রী সাথী বেগমকে বাদী করে ওই দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন বক্তারা। এ ঘটনার প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল হাই, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন শেখ, যুবদল নেতা মো. লিটন শেখ, ভান্ডারকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিন্টু বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা মামলাটি প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button