বিশেষ অভিযানে ২৩ জন গ্রেফতার : তালিকাভুক্ত সন্ত্রাসীও আটক: কেএমপি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। কেএমপি সূত্রে জানা যায়, পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে ১১ জুন সন্ধ্যা ৬টা থেকে ১২ জুন সকাল ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা এলাকা থেকে ৮ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ৬ জন, লবণচরা থানা থেকে ৩ জন, খালিশপুর থানা থেকে ১ জন, দৌলতপুর থানা থেকে ৩ জন, আড়ংঘাটা থানা থেকে ১ জন এবং খানজাহান আলী থানা থেকে ১ জনকে আটক করা হয়। অভিযানে খালিশপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম মন্ডল (৩৮)কেও গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। তিনি একটি দস্যুতা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন এবং তার বিরুদ্ধে একটি জিআর ওয়ারেন্টও ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কেএমপি জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

