খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি : ৫ লক্ষাধিক লোক সমাগমের টার্গেট

স্টাফ রিপোর্টার ঃ গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে আগামী ২০ জুন দুপুর ২ টায় খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে জোটের শরিক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় চলছে প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ, লিফলেট বিতরণ কার্যক্রম। ইতোমধ্যে এই সমাবেশ বাস্তবায়নে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইকে আহবায়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মেহমান বিভাগ, পরিবহন বিভাগ, ডেকোরেশন বিভাগ, সাউন্ড বিভাগ, মঞ্চ নির্মাণ বিভাগ, নিরাপত্তা বিভাগ, শৃঙ্খলা বিভাগ, প্রচার ও প্রকাশনা বিভাগ, অফিস বিভাগ, ১১ দলীয় ঐক্যের সমন্বয় বিভাগ, মিডিয়া বিভাগ, আইটি বিভাগ, তথ্য বিভাগ, সাস্থ্য ও চিকিৎসা বিভাগ, অর্থ বিভাগ, পানি ব্যবস্থাপনা বিভাগসহ ১৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সদস্যরা প্রতিদিনই বৈঠক করছেন। সমাবেশ সফল করতে ২ লক্ষাধিক পোস্টার, ১০ লক্ষাধিক লিফলেট, ৫ সহস্রাধিক ফেস্টুন তৈরি করা হয়েছে। নেতৃবৃন্দদেরকে স্বাগত জানিয়ে খুলনা মহানগরীর ৫টি প্রবেশদ্বারে ২০টি তোরণ নির্মাণ করা হবে।
আগামী ২০ জুন শনিবার খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভাষণ দেবেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এড. এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এটি শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়। বরং দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে জনগণের দাবি-দাওয়া তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। জনরায় বাস্তবায়নের সমাবেশ। তিনি আরো বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নি¤œ ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। জনগণের ন্যায়সঙ্গত দাবি ও প্রত্যাশার পক্ষে সোচ্চার হওয়া এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, খুলনা বিভাগজুড়ে সাংগঠনিকভাবে সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীর পাশাপাশি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলার ৫ লক্ষাধিক লোক সমাগমের পরিকল্পনা রয়েছে। সমাবেশকে কেন্দ্র করে শরিক দলগুলোর মধ্যে সমন্বয় কার্যক্রমও জোরদার করা হয়েছে। আশা করছি খুলনা সার্কিট হাউস সমাবেশস্থল হলেও গোটা নগরীই পরিণত হবে সমাবেশস্থলে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও সে রকম সাড়া পাওয়া যাচ্ছে। বর্তমান সরকার গঠনের পর ১১ দলীয় জোটের সর্ববৃহৎ সমাবেশ এটিই প্রথম। এ সমাবেশে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষও অংশ গ্রহণ করবে বলে দলের শীর্ষ নেতারা আশাবাদী। তারা বলেন, এ সমাবেশ জনতার রায় গণভোট বাস্তবায়নের দাবি সবার শীর্ষে । কারণ দেশের ৫৭ ভাগ মানুষ গণভোটে হ্যা-তে ভোট দিয়েছে। সরকার সেই রায় বাস্তবায়নে সংবিধানসহ নানা অজুহাত সামনে আনছে।



