গ্রেনেড বাবুর বড় ভাই জনি গ্রেফতারের পর কেএমপির অভিযানে আটক ৪৪

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। শনিবার (১৩ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা থেকে ১ জন, সোনাডাঙ্গা থানা থেকে ১ জন, লবণচরা থানা থেকে ৪ জন, হরিণটানা থানা থেকে ৫ জন, খালিশপুর থানা থেকে ৩ জন এবং দৌলতপুর থানা থেকে ১ জনকে আটক করা হয়েছে।
অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য রাব্বি শেখ (২৩), মো. জিয়াউর রহমান (২৯) ও নয়ন (২৭)কে গ্রেফতার করা হয়। এছাড়া হত্যা মামলার এক আসামিসহ কয়েকজন মাদক কারবারিকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টার অভিযানের তথ্য তুলে ধরে কেএমপি জানায়, ১২ জুন সন্ধ্যা ৬টা থেকে ১৩ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মোট ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে খুলনা থানা থেকে ১০ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ৭ জন, লবণচরা থানা থেকে ৭ জন, হরিণটানা থানা থেকে ৬ জন, খালিশপুর থানা থেকে ৮ জন, দৌলতপুর থানা থেকে ৩ জন, আড়ংঘাটা থানা থেকে ২ জন এবং খানজাহান আলী থানা থেকে ১ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বড় ভাই মাহমুদুর রহমান চৌধুরী জনি (৪০), গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী রনি শেখ (৩৪), সন্ত্রাসী ইমন (২৮) এবং ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য রাব্বি শেখ, মো. জিয়াউর রহমান ও নয়নসহ একাধিক হত্যা মামলার আসামি এবং মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



