যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : হুইপ বকুল

# খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা #
খবর বিজ্ঞপ্তি ঃ ঐতিহ্যবাহী খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১২২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের উদ্দেশ্যে বক্তব্য ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি। শনিবার (১৩ জুন) বিকেল ৫টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল বলেন, এমন একটি প্রাণবন্ত ও আনন্দমুখর আয়োজনে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই সুন্দর বিকেলে তরুণ ও প্রাণোচ্ছল শিক্ষার্থীদের শারীরিক কসরত ও ক্রীড়া নৈপুণ্য দেখে আমার ছোট বেলার কথা মনে পরে গেছে। একসময় আমি আপনাদের মতই সামনের সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করতাম। হুইপ হিসেবে আমি সবসময় বিশ্বাস করি, শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলেই পূর্ণাঙ্গ শিক্ষা অর্জন সম্ভব নয়। একজন শিক্ষার্থীর সুস্থ দেহ ও সতেজ মন গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি আমাদেও শেখায় কীভাবে নিয়মানুবর্তিতা মেনে চলতে হয়, কীভাবে প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু করে দাঁড়াতে হয় এবং সর্বোপরি এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে। তিনি বলেন, আজকের এই প্রতিযোগিতায় কেউ জিতবে, কেউ হারবে। কিন্তু খেলার মাঠে হেরে যাওয়া মানেই কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়। হার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি গ্রহণই হলো একজন বিজয়ীর আসল লক্ষণ। হার মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয় খেলা। বর্তমান সরকার খেলাধুলা ও তরুণ সমাজের বিকাশে অত্যন্ত আন্তরিক। মনে রাখতে হবে বাংলাদেশের যোগ্য ও দক্ষ কারিগর হবে আজকের এই তরুণ প্রজন্ম। তোমরা তোমাদের মেধা, মনন এবং শারীরিক সক্ষমতা দিয়ে দেশের সব ক্ষেত্রে নেতৃত্ব দেবে এটাই আমার প্রত্যাশা। তিনি আরও বলেন, এই সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আমি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং ক্রীড়া কমিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদেও সকল প্রকার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে জাতীয় সংসদের হুইপ হিসেবে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার শেখ সাহিনুল ইসলাম পাখি, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি এম. ডি. কামাল উদ্দিন আহমেদ। এছাড়াও খালিশপুর সহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



