পাইকগাছায় নদীর তীরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া এলাকায় বিতাঙ্গী নদীর তীর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে বাহিরবুনিয়া গ্রামের বাসিন্দা মো. সামাদ (৪০) নিজ ঘেরে যাওয়ার পথে বাহিরবুনিয়া গ্রামের নুর আলী সরদারের বাড়ির সামনে বিতাঙ্গী নদীর ধারে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম গাজীকে অবহিত করেন।
খবর পেয়ে ইব্রাহিম গাজী মৃত ব্যক্তির ছেলে উৎপল কুমার ম-লকে মুঠোফোনে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। নিহত ব্যক্তি ব্রিন্সি কুমার ম-ল ৩ নম্বর লতা ইউনিয়নের বাসিন্দা মৃত মহেন্দ্র কুমার ম-লের ছেলে৷
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রিন্সি কুমার ম-ল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং প্রায়ই দিন-রাত বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। তার ভাতিজা বিপ্লব কুমার ম-ল জানান, গত রোববার (১৪ জুন) রাত আনুমানিক ১০টার দিকে তাকে বাহিরবুনিয়া বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সেদিন রাত ১০টা থেকে সোমবার রাত ১টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় নদীর তীর দিয়ে বাড়ি ফেরার পথে তিনি পানিতে পড়ে মারা যেতে পারেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃদ্ধ ব্যক্তি কোনো এক সময় খাল বা নদীর পানিতে পড়ে ডুবে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



