জনতার দাবি আদায়ে সমাবেশটি সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান : মাস্টার শফিকুল আলম

# ১১ দলের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে লিফলেট বিতরণ #
# খুলনা প্রেসক্লাবে আজ দুপুর ১২ টায় প্রেসব্রিফিং #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেছেন, দীর্ঘ আন্দোলন ও জনগণের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও তা পূরণে দৃশ্যমান অগ্রগতি হয়নি। গণভোটের গণরায়, জুলাই সনদ এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। এসময় দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, হত্যা, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও নির্যাতনের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘিœত হচ্ছে। এর পাশাপাশি চাঁদাবাজি, দখলদারিত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ বাড়ছে। সরকারি-বেসরকারী খাতে দুর্নীতি, অনিয়ম ও জবাবদিহিতার সংকটের কারণে জনজীবন বিপর্যস্ত। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান তিনি। বাজেট-পরবর্তী সময়ে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিম্ন ও মধ্যবিত্তের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, আমরা খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউজ ময়দানে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর সমাবেশ উপহার দিতে চাই। শৃঙ্খলা বজায় রাখতে আমাদের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন। বিভাগীয় এ সমাবেশে খুলনাসহ ১০ জেলা থেকে ৫ লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ সফল করার প্রস্তুতি নিয়েছে ১১ দলীয় ঐক্য। জনতার দাবি আদায়ে সমাবেশটি সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। আগামী ২০ জুন (শনিবার) ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
এ সময় মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান, সোনাডাঙ্গা থানা সভাপতি খান আব্দুল ওয়াহেদ, সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, ১৮ নং ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, সোনাডাঙ্গা বাস টার্মিনাল সভাপতি মো. কামাল হোসেন, শ্রমিকনেতা আসলাম শিকদার, আব্দুল বারেক, শাহিনুল ইসলাম, আব্দুর রশিদ মল্লিক, হাফেজ তাজুল ইসলাম, মাসুদ, জাকির হোসেন, নাসির, ইমাদুল, মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।
মাস্টার শফিকুল আলম আরও বলেন, এবারের সমাবেশে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের রেকর্ডসংখ্যক উপস্থিতি থাকবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করবে যে, দেশের মানুষ ১১ দলীয় ঐক্যের দাবির প্রতি ও আদর্শের ওপর আস্থাশীল। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে।
আজ খুলনা প্রেসক্লাবে প্রেসব্রিফিং : ২০ জুন ১১ দলের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে আজ (১৮ জুন) বৃহস্পতিবার দুপুর ১২ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এতে সভাপতিত্ব করবেন সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। প্রেস ব্রিফিং পরিচালনা করবেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। এ ছাড়া প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।



