খুলনা পুলিশ দম্পতি কর্তৃক গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ

# ভিকটিম খুমেক হাসপাতালে ভর্তি #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার একটি বাসায় কর্মরত এক গৃহপরিচারিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক পুলিশ দম্পতির বিরুদ্ধে। আহত গৃহপরিচারিকাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ উদ্ধার করে সোনাডাঙ্গা থানা ভিকটিম সার্পোটে রেখে চিকিৎসা প্রদান করা হয়৷জানা গেছে, বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজের বাসা নম্বর ৪১৪, রোড নম্বর ০৬-এ বসবাসরত এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি হালদার, উভয়েই সোনাডাঙ্গা থানায় কর্মরত, তাদের গৃহপরিচারিকা মিলন চন্দ্র দাসকে (২০) শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। মিলন চন্দ্র দাস নরসিংদী জেলার বাসিন্দা এবং ওকিল চন্দ্র দাসের মেয়ে । ঘটনার পর সোনাডাঙ্গা থানার এসআই মো. সাইফুল ইসলাম আহত মিলনকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাকে হাসপাতালের সার্জারি ৯/১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। এ বিষয়ে এসআই সাইফুল ইসলাম জানান, “ভিকটিমকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার বড় বোন হাসপাতালে এসেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।” ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশ দম্পতির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


