যশোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

যশোর ব্যুরো
যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪০) এর করুন মৃত্যু হয়েছে। গত বুধবার ১৭ জুন বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরুল্লাহ নগর রেল স্টেশনের নিকট রেল কিলোমিটার ৬৪/০-২ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ বছর। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি অসাবধানতাবশত রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে মৃতার পরিচয় শনাক্তের চেষ্টা চালান। এ সময় মৃতার আঙুলের ছাপ সংগ্রহ করা হয়। পরে পরিচয় শনাক্তের জন্য পিবিআই যশোরকে অবহিত করা হলে তাদের একটি দল ঘটনাস্থলে এসে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ পরীক্ষা করেও পরিচয় নিশ্চিত করতে পারেনি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে রেলওয়ে পুলিশ তৎপর রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।


