ডুমুরিয়া-ফুলতলার উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি – আলি আসগার লবি এমপি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেন, ভোটের আগে আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে আমি আপনাদের পাশে থাকবো। আমি আজও কথা দিলাম সুখে দুঃখে আমি আপনাদের পাশে আমৃত্যু থাকবো। এই এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সকল সমস্যা সমাধান একদিন হয়তো সম্ভব নয়। আমি একে একে সকল উন্নয়ন সম্পন্ন করব ইনশাল্লাহ। শুক্রবার বিকালে খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় জনতা আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে আলি আসগার লবি এ কথা বলেন। স্থানীয় চেয়ারম্যান সমরেশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক খুলনা জেলা আইনজীবী সভাপতির সভাপতি এ্যাড: মাসুদ হোসেন রনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহিল কাফি সখা, সাবেক ছাত্রনেতা আরিফুজ্জামান আরিফ, সাবেক সিটি কলেজের ভিপি জিএম তারেক, স্থানীয় বিএনপি নেতা আব্দুল মালেক, সরোয়ার হোসেন, আব্দুস সালাম, খোকন তালুকদার, সোহরাব হোসেন, সন্দীপ চট্টোপাধ্যায় প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে আলি আসগার লবি এমপি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষ রোপণের জন্য ফলজ ও বনজ বৃক্ষ প্রদান করেন। এরপর তিনি ডুমুরিয়ার মিক্সি মিল ও সাহাপুর এলাকায় গণসংযোগ ও মত বিনিময় করেন। আলি আসগার লবি এমপি এ সময় এলাকার মানুষের খোঁজখবর নেন। লবি এমপি আরো বলেন, কোনরকম দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না। যদি দলের লোকও কোনরকম অন্যায় অবিচার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বর্তমান সরকার সাধারণ মানুষের পাশে সব সময় থাকতে চান। দারিদ্র বিমোচনের সরকার আগামীতে নানা রকম বাস্তবমুখী কর্মসূচি হাতে নিচ্ছে। সকলকে মনে রাখতে হবে জনগণের ভাগ্য উন্নয়নই হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম নির্বাচনী ওয়াদা। সে লক্ষ্যেই তিনি তৃণমূল পর্যায় কাজ করে যাচ্ছেন।

