স্থানীয় সংবাদ

বাগেরহাটে বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে বাস মালিকের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মহিষপুরা-খুলনা আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ কমিটির বিভিন্ন পদের নেতাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাত ও নির্বাচন না করে পদ আটকে রাখাসহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে নিজেদের করা নানা অনিয়ম ঢাকতে সমিতির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ারও অভিযোগ উত্থাপন করা হয়। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন বাস মালিক ও সমিতির সদস্য শহিদুজ্জামান খান মিল্টন। এ সময় সমিতির সদস্য আশিষ কুমার ঘোষ, সুরঞ্জিত কুমার দাসসহ আরো কয়েকজন সাধারন সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সংবাদ কর্মীদের নানা প্রশ্নের উত্তরে শহিদুজ্জামান খান মিল্টন বলেন, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পঙ্কজ দাস বাবলু, কোষাধ্যক্ষ স্বপন দাস, মাসুদ শেখ এবং আতাহার আলী মন্টুসহ সমিতির কয়েকজন নেতা দীর্ঘদিন ধরে সমিতির আয়-ব্যয়ের হিসাব সাধারণ সদস্যদের দেয় না। ইচ্ছেমত সবকিছু করেন। নির্বাচন সংক্রান্ত কোন তথ্যও সাধারণ সদস্যদের জানানো হয় না। এমনকি এই সমিতিতে দীর্ঘদিন ধরে কোন বার্ষিক সাধারণ সভাও হয়নি। সকল নিয়মকানুন মেনে সমিতির সদস্য হলেও, নেতাদের দৌরত্বের কারণে সমিতিতে নাম অন্তর্ভুক্তি এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। সমিতির এসব অনিয়ম খতিয়ে দেখার জন্য গেল ১৪ জুন বিভাগীয় শ্রম দপ্তরে অভিযোগও দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গেল ১৪ জুন খুলনার বিভাগীয় শ্রম দপ্তরে গিয়ে জানতে পারেন যে, ১৫ জুন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং এ জন্য ৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অথচ, অধিকাংশ সাধারণ সদস্য ও পরিবহন মালিক এ বিষয়ে অবগত ছিলেন না। নির্বাচন পরিচালনা করার জন্য জসিম খান নামের এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়া গোপন রেখে কাগজে-কলমে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে তিনি ও কয়েকজন মালিক পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। ১৫ জুন আসলেই ভোট হবে কি না সে বিষয়ে জানতে মিল্টনসহ কয়েকজন মালিক সমিতির বলভদ্রপুর সংলগ্ন অফিসে যান। কিন্তু নির্বাচনের জন্য কোন আয়োজন দেখতে পান না। সারাদিন ঘুরে বিকেলে সমিতির কোষাধ্যক্ষ স্বপন দাস অফিসে আসলে, ভোটের বিষয়ে জানতে চাওয়া হয়। তখন স্বপন দাস বলেন “ভোটের বিষয়ে তিনি কিছুই জানেন না”। অথচ স্বপন দাসই সমিতির সকল অফিসিয়াল কাগজপত্র তৈরি ও জমা দিয়ে থাকেন। এসব নিয়ে কথাকাটাটির এক পর্যায়ে কিছুটা ধস্তাধস্তি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে মোড়েলগঞ্জ থানায় কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়। নির্বাচন ও হিসাব সম্পর্কে সাধারণ সদস্যদের জানানো হয় কি না এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পঙ্কজ দাস বাবলু বলেন, নিয়ম অনুযায়ী সমিতির সকল হিসাব ও অডিট রিপোর্ট রেজিষ্টার অব ট্রেড ইউনিয়নে জমা দেওয়া হয়। আর নির্বাচনে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় নির্ধারিত দিনের আগেই তাদেরকে বিজয়ী ঘোষনা করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button