খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৬৩৩ : মৃত্যু ৩

স্টাফ রিপোর্টার ঃ চলতি বছরের শুরু থেকে খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত বিভাগে মোট ৬৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে মৃত ৩ জনের মধ্যে বাগেরহাটে ১ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।
বিভাগে এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫৬ জন রোগী। বর্তমানে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। এছাড়া ৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, সর্বোচ্চ ২১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বাগেরহাটে। খুলনায় ১০৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০২ জন, যশোরে ৫৭ জন, নড়াইলে ৫২ জন, মাগুরায় ৩৩ জন, কুষ্টিয়ায় ২৮ জন, মেহেরপুরে ২৮ জন, ঝিনাইদহে ৪ জন এবং সাতক্ষীরায় ৩ জন রোগী ভর্তি হয়েছেন। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে।



