খুলনাকে নবায়নযোগ্য জ্বালানি-বান্ধব নগরী গড়ার দাবিতে কেসিসি প্রশাসককে স্মারকলিপি

খবর বিজ্ঞপ্তি ঃ সোনাডাঙ্গা সোলার পার্কটি কার্যকরভাবে চালু এবং খুলনাকে নবায়নযোগ্য জ্বালানি-বান্ধব নগরী হিশেবে গড়ে তোলার দাবিতে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে ‘প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম, খুলনা’। আজ বিকেলে কেসিসি ভবনে সংগঠনের নেতৃবৃন্দ এই স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে জানানো হয়, ২০০৮ সালে ৪.৩৩ একর জায়গার ওপর নির্মিত ২০ কিলোওয়াটের সোনাডাঙ্গা সোলার পার্কটি রক্ষণাবেক্ষণের অভাবে গত ১৪ বছর ধরে বন্ধ রয়েছে। মাত্র ১০-১২ লাখ টাকা সংস্কার ব্যয়ে এটি পুনরায় চালু করা সম্ভব। এছাড়া, পার্কের ছাদ, হাঁটার পথ এবং পুকুরের অংশবিশেষ ব্যবহার করে মোট ৩৮১ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভবÑযার আর্থিক মূল্য ২০ বছরে প্রায় ৫১ কোটি টাকা। বিপরীতে প্রাথমিক ব্যয় হবে মাত্র ২ কোটি ২৩ লাখ টাকা। এই বিনিয়োগ ৫ বছরেই উসুল সম্ভব। ১. দ্রুততম সময়ে সোনাডাঙ্গা সোলার পার্কটি চালু করা। ২. পার্কের ছাদ, পুকুর ও হাঁটার পথে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন। ৩. নগর ভবন ও বড় ভবনগুলোয় সৌরবিদ্যুৎ স্থাপনে মালিকদের প্রণোদনা দেওয়া। ৪. খুলনাকে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য-বান্ধব নগরী করতে সার্বিক পরিকল্পনা গ্রহণ এর দাবী ও যৌক্তিকতা স্মারক লিপিতে তুলে ধরা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম খুলনার যুগ্ম আহ্বায়ক রেহানা আখতার, এনামুল হক নবাব, সদস্য গৌরাঙ্গ নন্দী, অধ্যাপক আবুল ফজল, শামীমা সুলতানা শিলু, আবু হেনা মোস্তফা জামাল পপলু, হিমালয়, এম এম ইমরান হোসেন ও সদস্য সচিব হুমায়ুন কবির ববি।



