উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধার করা ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, মোবাইল ফোন হারানো বা চুরি হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা উচিত। তিনি প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে খুলনা জেলা পুলিশের দক্ষ ও আন্তরিক ভূমিকার কথা তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। খুলনা জেলা পুলিশ জানিয়েছে, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ সর্বদা তৎপর রয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে।


