যশোরে বিজিবিপোশাকে সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতি

# পোশাক-ওয়াকিটকি-অস্ত্রসহ তিন প্রতারক আটক #
যশোর ব্যুরো ঃ যশোর শহরের ষষ্ঠিতলা এলাকায় বিজিবি সদস্য পরিচয়ে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে তিন প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিজিবির সরকারি পোশাক,ওয়াকিটকি, হাতকড়াসহ দেশীয় অস্ত্র ও তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ডিবির দাবি,আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিজিবির সদস্য পরিচয় দিয়ে যশোরসহ বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকা- চালিয়ে আসছিল।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার মন্ডল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন শনিবার ১ আগস্ট রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি দল যশোর শহরের ষষ্ঠিতলায় রবীন্দ্রনাথ রাহার বাড়ি নং-৭৩১/২-এর তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালায়।
অভিযানের সময় বাড়ির মালিক,নিচতলার ভাড়াটিয়া ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে দরজায় কড়া নাড়া হলে ভেতর থেকে একজন দরজা খুলে নিজেকে বিজিবির সদস্য বলে পরিচয় দেন। পরে ঘরের ভেতরে আরও দুইজনকে দেখতে পেয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের নাম মো. উজ্জল হোসেন (৩০), মো. আনারুল ইসলাম (৩২) ও মো. তোফাজ্জেল হোসেন (৩০) বলে জানিয়ে তারাও বিজিবির সদস্য দাবি করেন।
পুলিশ পরিচয়পত্র দেখতে চাইলে তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। এ সময় তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তারা স্বীকার করেন যে তারা বিজিবির সদস্য নন। বরং বিজিবির সরকারি পোশাক ব্যবহার করে যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ সংঘটিত করে আসছিলেন।
এরপর তাদের কক্ষ তল্লাশি করে খাটের নিচে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি বিজিবির সরকারি পোশাক, দুটি স্টিলের হাতকড়া,দুটি কালো রঙের ওয়্যারলেস (ওয়াকিটকি) সেট, একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি লোহা কাটার (গ্রাইন্ডার) মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড,একটি তালা কাটার যন্ত্র এবং একটি নোজ প্লাস উদ্ধার করা হয়।
আটক তিনজনের মধ্যে উজ্জল হোসেনের বিরুদ্ধে আগে থেকেই পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে ডিবি জানিয়েছে।
আটকরা হলেন যশোরের শার্শা উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. উজ্জল হোসেন (৩০), গোগা ইউনিয়নের হরিশচন্দনপুর পূর্বপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে মো. আনারুল ইসলাম (৩২) এবং একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. তোফাজ্জেল হোসেন (৩০)।
ডিবি পুলিশ আর ও জানায়, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ২ আগস্ট তাদের যশোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ বিষয়টির অধিকতর তদন্ত করছে এবং তাদের সঙ্গে অন্য কোনো সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।



