ট্রিপল সেঞ্চুরি পার করেছে কাঁচামরিচ, বেড়েছে পেঁয়াজ ও সব ধরণের সবজির দাম

# সরবরাহ কমের অজুহাতে চড়া সবজির দাম
স্টাফ রিপোর্টার : টানা বৃষ্টির কারণে সরবরাহ কম এমন কারণ দেখিয়ে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। ইতোমধ্যে কাঁচা মরিচের দাম ট্রিপল সেঞ্চুরি পার করেছে সপ্তাহ খানেক আগে। স্থির নেই পেঁয়াজের বাজারও। ত্রিশ টাকা কেজির পেঁয়াজ এখন হাফ সেঞ্চুরি পার করেছে। এদিকে সব ধরণের সবজির দামও বাড়ানো হয়েছে এই সুযোগে। বিক্রেতারা বলছেন, টানা অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং বাজারে সরবরাহ কমে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিকূল আবহাওয়ার কারণে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কাঁচাবাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। তবে সাধারণ ক্রেতাদের মতে, এটি ব্যবসায়ীদের কৃত্রিম কারসাজি। গতকাল রোববার নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকা থেকে ৩৫০ টাকায়। তবে বাজার ভেদে কোথাও আরও বেশি। ভ্রাম্যমাণ দোকানগুলোতে এর চেয়েও বেশি দামে বিক্রি হতে দেখা যাচ্ছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ মানভেদে ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে, সব ধরণের সবজির দাম লাগামছাড়া। বেগুন একশত টাকা ছাড়িয়েছে বেশ আগে। মান ভেদে বিক্রি হচ্ছে ১০০-১৩০ টাকায়। করলা, টামেটো, পটল, ঢেড়সসহ সব ধরণের নিত্যপ্রয়োজনীয় সবজিও বিক্রি হচ্ছে ৭০-১০০টাকার মধ্যে। কেসিসি সন্ধা বাজারের ব্যবসায়ী সাজিদুল ইসলাম বলেন, নগরীর অন্যান্য বাজার থেকে সন্ধা বাজাওে সব ধরণের জিনিসের দাম একটু বেশি। এক পোয়া কাঁচা মরিচ ৮০-৯০ টাকা দরে বিক্রি করছি। এক কেজি বা আধা কেজি বিক্রি হয় কম। এজন্য ৫-১০ টাকা বেশি রাখি। বড় বাজারের ব্যবসায় আব্দুর রহিম বলেন, অতিবৃষ্টিতে মরিচ গাছ পঁচে যায়। গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত হওয়ায় মরিচ গাছ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই চাহিদার তুলনায় সরবরাহ বেশি না থাকায় পণ্যটির দাম বেড়ে গেছে। স্কুল শিক্ষক পরিতোষ মন্ডল বলেন, অতি মুনাফার আশায় বৃষ্টির অযুহাত দেখিতে বাড়ানো হয়েছে সব ধরণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম। মানুষের আয়তো বাড়েনি। সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। এজন্য বাজার মনিটরিং বাড়ানো প্রয়োজন। খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোডে কথা হয় অটোচালক মাছুম বিল্লাহর সাথে। তিনি বলেন, “সারা দিন অটো চালিয়ে ১০০০-১২০০ টাকা আয় করা খুব কঠিন। বিদ্যুতের দাম বাড়ায় অটোর ভাড়াও বেড়েছে। ৫ জনের সংসারে এই দামে বাজার করে কিভাবে চলা সম্ভব বলেন”।



