খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন করে কোনো রোগীর শরীরে হাম নিশ্চিত হয়নি এবং হামে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগের দপ্তর প্রকাশিত হামের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খুলনা বিভাগ পরিচালক ( স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলার মধ্যে সবচেয়ে বেশি ১৫ জন করে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া মাগুরায় ১৩ জন, খুলনায় ৮ জন, বাগেরহাটে ৬ জন, চুয়াডাঙ্গা ও যশোরে ৪ জন করে এবং ঝিনাইদহ, মেহেরপুর ও নড়াইলে ৩ জন করে সন্দেহজনক রোগী পাওয়া গেছে। সাতক্ষীরায় শনাক্ত হয়েছেন ১ জন। এদিকে, ১৫ মার্চ থেকে ৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ৭৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৮ হাজার ৩৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮ হাজার ৫২ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে সন্দেহজনক হামে ৩৩ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে বিভাগে মোট ৩৪২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। জেলাভিত্তিক নিশ্চিত রোগীর মধ্যে নড়াইলে সর্বোচ্চ ৭৩ জন, বাগেরহাটে ৬৯ জন, যশোরে ৫৮ জন, খুলনায় ৪৫ জন, সাতক্ষীরায় ২৪ জন, কুষ্টিয়া ও মাগুরায় ২৩ জন করে, ঝিনাইদহে ১৭ জন, মেহেরপুরে ১০ জন এবং চুয়াডাঙ্গায় কোনো নিশ্চিত রোগী পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ১৫ মার্চ থেকে অদ্যাবধি খুলনা বিভাগে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ জনগণকে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ, শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।



