স্থানীয় সংবাদ

চুয়াডাঙ্গায় নকল হারপিকসহ টয়লেট্রিজ সামগ্রী তৈরির অভিযোগে লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গার জীবননগরে যথাযথ লাইসেন্স ছাড়াই এবং মিথ্যা তথ্য দিয়ে নকল হারপিকসহ বিভিন্ন টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার পিয়ারাতলা (মনোহরপুর) এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মাসুদ রানা নামে এক ব্যক্তির প্রতিষ্ঠান হেনা কনজুমার প্রোডাক্টস-এর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটি হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট ও টায়ার জেলসহ বিভিন্ন টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন ও বাজারজাত করছিল বলে অভিযান সূত্রে জানা গেছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে ক্যাবের প্রতিনিধি রফিকুল ইসলাম এবং র‌্যাবের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button