দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে নাÑ কেএমপির নবাগত পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান

স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অপরাধ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি নগরীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। দায়িত্ব পালনের বিষয়ে নবাগত পুলিশ কমিশনার অত্যন্ত স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেনÑ “দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না।”তিনি একই সঙ্গে প্রত্যেক পুলিশ সদস্যকে শতভাগ পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার ওপর কঠোর নির্দেশ প্রদান করেন। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে এডমিন এন্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফএন্ডবি) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত) এম, এম শাকিলুজ্জামানসহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



