টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, ৭৫ জনকে আসামি করে মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী সত্যতা নিশ্চিত করে জানান, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে গত শনিবার স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। ওই দিনই গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিলে নিচের অংশ আংশিক পুড়ে যায়। এ ঘটনায় ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আর ৪০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। ওসি আরও জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। প্রসঙ্গত, গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে তোরণটি নির্মাণ করা হয়। পরে গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে যায়।



