খুলনা বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৩৩ মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ১৫ মার্চ থেকে ৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৯৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫২০ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ২৪৬ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের জেলাভিত্তিক হামের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৭ আগস্ট ( শুক্রবার) পর্যন্ত সন্দেহজনক হামে ৩৩ জনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩৪২ জন।
জেলাভিত্তিক হিসাবে সন্দেহজনক হাম রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে কুষ্টিয়ায়Ñ২ হাজার ২৭৩ জন। এরপর খুলনায় ১ হাজার ৪২১, মাগুরায় ১ হাজার ৩২০, যশোরে ৮৩৮, ঝিনাইদহে ৭৫৩, মেহেরপুরে ৫৭২, নড়াইলে ৫৭২, চুয়াডাঙ্গায় ৪৯৭, বাগেরহাটে ৪৯০ এবং সাতক্ষীরায় ২৩৩ জন।
সন্দেহজনক হামে মৃত্যুর মধ্যে খুলনায় ১৬ জন, কুষ্টিয়ায় ১৩ জন, ঝিনাইদহে ২ জন, চুয়াডাঙ্গায় ১ জন এবং মেহেরপুরে ১ জন মারা গেছেন। অন্য জেলাগুলোতে সন্দেহজনক হামে মৃত্যুর তথ্য নেই।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের সবাই হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ৪৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিতÑকোনো হাম রোগীর মৃত্যুর তথ্য নেই।



