শেখ হাসিনাকে সরকার কেন নিজ দায়িত্বে ফিরিয়ে আনছে না

# বাগেরহাটের গণমাধ্যমকর্মীদের সাথে জামায়াতের আমির #
বাগেরহাট প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? সরকার কেন নিজ দায়িত্বে ফিরিয়ে আনছে না। বরং তিনি কেন বলছেন আমি ঢুকে যাবো। এটা সরকার ভাল বলতে পারবে। আপনারা এই প্রশ্নটা সরকারের কোন মন্ত্রী (বাগেরহাট) আসলে তাদেরকে বলবেন। আপনাদের মতো আমাদেরও দাবি সরকারের নিজ দায়িত্বে তাকে আনা উচিত। তার বিরুদ্ধে যে রায় হয়েছে তার বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে, সেগুলো তাকে ফেইস (মুখোমুখি) করতে দেওয়া উচিত। তবে আমরা একথা সব সময় বলে থাকি, বিচার হবে নায্যতার ভিত্তিতে অনায্য কোন বিচার চাই না।
শুক্রবার বেলা ১১টায় বাগেরহাট সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা। আমিও কালো হলে আমাকে ছাড় দিয়ে কথা বলবেন না। জাতির এই চতুর্থ স্তম্ভটা যদি কার্যকর থাকে, তাহলে ফাংসনিং থাকে আমরা আশা করব রাস্ট্রযন্ত্রের সবগুলো বিষয় ফাংসনিং থাকবে, এই জায়গাটা যদি দুর্বল থাকে তাহলে রাষ্ট্রযন্ত্রের কাছে ভাল কিছু আশা করবেন না, এটা হবে না। কারন সরকার ভুল করে না শুদ্ধ করে তা কে বলবে, বলবেন তো আপনারা? সেই জায়গাটা যখন অক্ষুন্ন থাকবে, বলিষ্ট হবে দেশ তখন সামনের দিকে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, সরকার যে চালাবে, জনগন বিবেচনায় নিবে পাঁচ বছর, বিরোধী দলেরও পাঁচ বছর। পাঁচ বছর পরে জনগন তার বিচার করবে। তাদের বিচারের সেই রায় দিবে। আমরা রায়ে বিশ্বাসী। বর্তমান সরকার কেমন করছে তারা ব্যর্থ না স্বার্থক তা জনগন এখনই বলছে আমরা বলব না, এই অল্প সময়ের মধ্যে জনগন অতিষ্ট হয়ে গেছে। সরকার যদি আমাদের সহযোগিতা চাইত তাহলে অনেক সমস্যার সমাধান হতো বলে বিশ্বাস করি। এ মত বিনিময় সভায় বাগেরহাটের ৩ টি আসনের নির্বাচিত জামায়াতের ৩ জন এমপিসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


