স্থানীয় সংবাদ

যশোরে হানি ট্র্যাপ চক্রের তিন সদস্য পাকড়াও

যশোর ব্যুরো ঃ যশোরে হানি ট্র্যাপ চক্রের তিন সদস্যকে পাকড়াও করেছে পুলিশ। শনিবার ৮ আগষ্ট রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে তাঁদেরকে পাকড়াও করা হয়। এরা হচ্ছেন,যশোর শহরের শংকরপুর এলাকার রাজা এবং তাঁর দুই সহযোগী বৃষ্টি ও জারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলার এক যুবক ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে রাজা ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেন এবং ল্যাপটপটি বিক্রির জন্য তাঁকে যশোরে আসতে বলেন। ওই যুবক ল্যাপটপ নিয়ে যশোরে এলে রাজা তাঁকে একটি ঘরে নিয়ে আটকে রাখেন বলে অভিযোগ। অভিযোগ রয়েছে, সেখানে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে ওই যুবকের সঙ্গে আপত্তিকর ছবি তোলা হয়। পরে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ও ল্যাপটপ নিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের ফোন করে টাকা আদায় করা হয়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ওই যুবককে উদ্ধার করে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই আল আমিন তদন্ত শুরু করেন। তদন্তের একপর্যায়ে শনিবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে রাজাকে আটক করা হয়। পরে একই স্থান থেকে বৃষ্টি ও জারাকেও আটক করা হয়। এসআই আল আমিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী যুবক থানায় মামলা করবেন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ভাষ্য, চক্রটি নারীদের ব্যবহার করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলত। পরে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া হতো। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং এর আগেও তাঁরা আটক হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button