খুলনা বিভাগে ডেঙ্গুর হানা : একদিনে হাসপাতালে ১৪০

# ৮ মাসে আক্রান্ত ২৭০৭, মৃত্যু ১০; চিকিৎসাধীন ৩২৯ #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ১৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭০৭ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৩৩ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩২৯ জন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০ জনের। রোববার (৯ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলায়। এ জেলায় নতুন করে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৫ জন এবং বেসরকারি হাসপাতালে ২১ জন। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, বাগেরহাটে ১৫ জন, যশোরে ১০ জন, কুষ্টিয়ায় ৭ জন, নড়াইলে ৪ জন, মাগুরায় ৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, ঝিনাইদহে ২ জন এবং মেহেরপুরে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি। খুলনা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত খুলনা জেলায় মোট ৬৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৬৬ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০০ জন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৫৭ জন। এর মধ্যে ৪৩৫ জন চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১১৩ জন। এ হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ৯ জন। বাগেরহাটে ডেঙ্গুর পরিস্থিতিও উদ্বেগজনক। জেলায় এ পর্যন্ত ৭৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭০৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ৩২ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের। এদিকে যশোরে এ পর্যন্ত ২৮৭ জন, নড়াইলে ১২৯ জন, মাগুরায় ৭৪ জন, কুষ্টিয়ায় ৬৩ জন, মেহেরপুরে ৫৮ জন, ঝিনাইদহে ৩৯ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৭০৭ জন ডেঙ্গু রোগীর মধ্যে ২ হাজার ৩৩৩ জন চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৩২৯ জন। আর ৩৫ জনকে অন্যত্র রেফার করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।



