খুলনা ওয়াসার পিডি’র দায়িত্ব থেকে ফিরোজ শাহকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার : বিতর্কের মুখে পড়লো খুলনার ওয়াসার আলোচিত পানি সরবরাহ প্রকল্প ফেজ-২ এর প্রকল্প পরিচালকের (পিডি) অতিরিক্ত দায়িত্ব থেকে
ফিরোজ শাহকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল (৯ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়। প্রশাসন ক্যাডারের এই যুগ্ম সচিব ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ২৯ জুলাই তাকে প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেয় মন্ত্রণালয়। বিশেষায়িত প্রকৌশল জ্ঞান সমৃদ্ধ একটি প্রকল্পের দায়িত্ব প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি মন্ত্রণালয়ের গোচরে আসে।
ওয়াসা থেকে জানা গেছে, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয় ২ হাজার ৫৯৮ কোটি টাকার খুলনা পানি সরবরাহ প্রকল্প ফেজ-২। বিশাল ব্যয়ের এই প্রকল্পের পিডি কে হবেন-এনিয়ে শুরু হয়ে দৌড়ঝাপ। শুরুতেই প্রকল্প তদারকির রুটিন দায়িত্বে ছিলেন ওয়াসার নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন। প্রথম প্রকল্পে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন এবং অভিজ্ঞ হওয়ায় তাকে প্রকল্পের ফোকালপার্সন নিয়োগ করা হয়।
কিন্তু গতবছরের ১০ ডিসেম্বর ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে গিয়ে মব তৈরি করেন এনসিপি নেতারা। তারা নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামকে প্রকল্পের দায়িত্ব দিতে চাপ প্রয়োগ করেন। একই সঙ্গে বিএনপির এক কেন্দ্রীয় নেতাও রেজার পক্ষে জোরালো তদবির করেন। পরদিন ১১ ডিসেম্বর রেজাউল ইসলামকে প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব দেওয়া হয়। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা রেজাউল ইসলামের বিরুদ্ধে গভীর নলকূপ স্থাপন এবং আটরা রিজার্ভার নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। এছাড়া তিনি ছিলেন ছষ্ঠ গ্রেডের কর্মকর্তা, এ ধরনের কাজের অভিজ্ঞতা তার ছিল না। মূলত মন্ত্রণালয়ে ঘুষ এবং বিএনপির এক জনপ্রতিনিধির সুপারিশে তিনি নিয়োগ পান। এনিয়ে ওয়াসার ভেতরে-বাইরে ক্ষোভ এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় গত ২৬ এপ্রিল তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এরপর প্রকল্পটির পরিচালক হতে তৎপরতা চালান বিএনপি সমর্থিত প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের (অ্যাব) নেতারা। এর মধ্যে গত ২৪ মে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন যুগ্ম সচিব ফিরোজ শাহ।
গত ২৮ জুন অ্যাব খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। খুলনা বিশ^বিদ্যালয়েল কোনো কর্মকর্তাকে অন্য সংস্থায় প্রেষণে পাঠানোর ঘটনা ছিল এটাই প্রথম। তিনিও ২ হাজার ৫৯৮ কোটি টাকার প্রকল্পের পিডি হতে দৌড়ঝাপ করেন। শেষ পর্যন্ত সবাইকে পেছনে পেলে প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালনের চিঠি নিয়ে আসেন ফিরোজ শাহ। গণমাধ্যমে এনিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় সেই চিঠিও আজ বাতিল হলো।



