২৪ ঘণ্টায় হাসপাতালে ১০৭ : খুলনা মেডিকেলে একদিনে ভর্তি ৩২
খুলনা বিভাগে ডেঙ্গুর ‘হটস্পট’ বাগেরহাট

# বিভাগে চিকিৎসাধীন ৩৩৫ : চলতি বছরে মৃত্যু ১০
কে এইচ মনি : খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ফের উদ্বেগ বাড়াচ্ছে। মাত্র ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ১০ আগস্ট ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
খুলনা বিভাগ পরিচালক ( স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ২ হাজার ৮১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ২ হাজার ৪৩২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩৭ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।
একদিনে খুলনায় ৪৫, মেডিকেলে ৩২
গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত জেলায় মোট ৭১১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন।
অন্যদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত এ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৯ জন। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নিয়ে ৪৬৮ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ১১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বাগেরহাটে আক্রান্ত সবচেয়ে বেশি :
খুলনা বিভাগের মধ্যে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা সবচেয়ে বেশি বাগেরহাটে। ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত জেলায় মোট ৮১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৬ জন।
বাগেরহাটে চলতি বছর ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩২ জন রোগীকে রেফার করা হয়েছে।
অন্যান্য জেলার চিত্র :
গত ২৪ ঘণ্টায় যশোরে ৪ জন, নড়াইলে ৫ জন, কুষ্টিয়ায় ৪ জন, মাগুরায় ১ জন এবং মেহেরপুরে ২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত যশোরে ২৯১ জন, নড়াইলে ১৩৪ জন, মাগুরায় ৭৫ জন, কুষ্টিয়ায় ৬৭ জন, মেহেরপুরে ৬০ জন এবং ঝিনাইদহে ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সাতক্ষীরা জেলায় চলতি বছর এ পর্যন্ত ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে কোনো রোগী চিকিৎসাধীন নেই। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে ২ জন চিকিৎসাধীন রয়েছেন। ঝিনাইদহে বর্তমানে ৫ জন এবং চুয়াডাঙ্গায় কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নেই।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


