খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম শনাত্ত ৪৯, নিশ্চিত হাম ৬

স্টাফ রিপোর্টার :
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জনের সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৫১ জন। এ সময়ে সন্দেহজনক হাম কিংবা নিশ্চিত হামÑকোনো ক্ষেত্রেই নতুন মৃত্যুর তথ্য নেই।
খুলনা বিভাগীয় পরিচালকের স্বাস্থ্য দপ্তরের ১০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত জেলা-ভিত্তিক হাম পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুলনাা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় সন্দেহজনক হাম রোগীর মধ্যে খুলনায় ১০ জন ও মাগুরায় ১০ জন করে, নড়াইলে ৮ জন, কুষ্টিয়ায় ৭ জন, যশোরে ৫ জন, বাগেরহাটে ৪ জন, ঝিনাইদহে ৩ জন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ১ জন করে শনাক্ত হয়েছেন। সাতক্ষীরায় কোনো সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়নি। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬ জন। এর মধ্যে খুলনায় ২ জন এবং নড়াইলে ৪ জনের হাম নিশ্চিত হয়েছে। অন্য জেলাগুলোতে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ১০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯ হাজার ৭৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৬২৬ জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৩৬০ জন।
এই সময়ে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৩ জন। তবে একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩৫১ জন হলেও নিশ্চিত হামজনিত মৃত্যুর কোনো তথ্য নেই।
জেলা-ভিত্তিক হিসাবে, এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি নড়াইলে ৭৭ জন। এরপর বাগেরহাটে ৬৯ জন, যশোরে ৫৮ জন এবং খুলনায় ৪৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। অন্যদিকে সন্দেহজনক হামজনিত মৃত্যুর হিসাবে খুলনায় সর্বোচ্চ ১৬ জন এবং কুষ্টিয়ায় ১৩ জনের মৃত্যুর তথ্য রয়েছে। এছাড়া ঝিনাইদহে ২ জন এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে সন্দেহজনক হামজনিত মৃত্যুর তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


