স্থানীয় সংবাদ

পাইকগাছায় উলুবুনিয়া নদী ও পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ: প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের নিকট এলাকাবাসীর স্মারকলিপি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের উলুবুনিয়া নদী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি ও সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এই বিষয়ে নদী তীরবর্তী পুটিমারী ও শামুকপোতা গ্রামের সর্বসাধারণের পক্ষ থেকে খুলনার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, লতা ইউনিয়ন পরিষদের সদস্য প্রশান্ত ম-ল ও তাঁর ভাই কুমারেশ ম-ল উলুবুনিয়া নদীর অংশ ও পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি অবৈধভাবে দখল করে বহুতল পাকা ভবন নির্মাণ করেছেন। এছাড়া শামুকপোতা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে আটটি দোকানঘর ও একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। ২০২৬ সালের জানুয়ারি মাসে নির্মাণকাজ শুরু হলে সহকারী কমিশনার (ভূমি), পাইকগাছা ঘটনাস্থল পরিদর্শন করে তা বন্ধের নির্দেশ দিলেও সেই নির্দেশ উপেক্ষা করে পরবর্তীতে নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে সেখানে বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি সেবার সংযোগও নেওয়া হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। গত ২০২৬ সালের ৬ জুলাই এ বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। তখন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জোরালো আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আশ্বাসের এক মাস পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ বা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাওয়া যায়নি।এলাকাবাসীর দাবি, তাদের নিকট এস.এ. ম্যাপ, গুগল ম্যাপের চিত্র ও আলোকচিত্রসহ দখল সংক্রান্ত অকাট্য প্রমাণ রয়েছে, যা তারা তদন্তকারী কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের জন্য প্রস্তুত রেখেছেন। সরকারি সম্পত্তি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এলাকাবাসী জরুরি ভিত্তিতে উলুবুনিয়া নদী ও পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখল মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে তারা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার, প্রশাসনের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদীর প্রকৃত সীমানা পুননির্ধারণসহ ভবিষ্যতে জমি দখল রোধে কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button