শ্যামনগরে বিয়ের এক দিন আগে কিশোরীর আত্মহত্যা!

শ্যামনগর প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগরে বিয়ের মাত্র একদিন আগে ইঁদুর মারার কাজে ব্যবহৃত বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সোহানা পারভীন (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন। বুধবার (১২ আগস্ট) ভোরে তাকে শ্যামনগর উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে সে। জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) পারিবারিকভাবে সোহানার বিয়ের আয়োজন করা হয়েছিল। পারিবারিকভাবে আয়োজিত ওই বিয়েতে সোহানা পারভীনের সম্মতি ছিল না। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে ঘরে থাকা ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে সোহানা। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এসময় তাকে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করে পরিবার। পরে তার অবস্থার অবনতি হলে বুধবার ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেছেন, বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাওয়ার ঘটনায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।



