খুলনা বিভাগে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৭৫ : মৃত্যু ২

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ১৯১ জন। শুক্রবার (১৪ আগস্ট) পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগ, খুলনা-এর দপ্তর থেকে প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সরকারি হাসপাতালে ১৮ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জনসহ মোট ৪০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৭১ জন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। তবে বর্তমানে সেখানে ৬৮৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে এবং ৫৬৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ৮৬২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ জেলায় এ পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে এবং ৭৬৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এছাড়া ৩২ জনকে রেফার্ড করা হয়েছে।
নড়াইলে গত ২৪ ঘণ্টায় ৪ জন, কুষ্টিয়ায় ১ জন এবং মেহেরপুরে ২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সাতক্ষীরা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তির তথ্য প্রতিবেদনে নেই।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার ১৯১ জন। এ সময়ে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে ২ হাজার ৭৭৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এছাড়া ৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে।



