শেখ হাসিনা একদিনে ফ্যাসিস্ট হননি -অনিন্দ্য ইসলাম অমিত

# যশোর উপশহর এসএম সুলতান ফাইন আর্ট কলেজের এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকীতে #
যশোর ব্যুরো ঃ যশোর অঞ্চলের একমাত্র চারুকলা কলেজের করুণ দৃশ্য দেখলাম। এটি সত্যিই কষ্টের বিষয়। করুণ দৃশ্যের কারণ এ প্রতিষ্ঠানটি গড়ে তোলার পিছনে রয়েছে সাবেক মন্ত্রী, মরহুম তরিকুল ইসলামের পরিবার। এ প্রতিষ্ঠানের জমির জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করা হবে। শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রীর সুুনজর পাবো বলে আশা করছি। এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার ১৪ আগস্ট সকালে এসএম সুলতান ফাইন আর্ট কলেজের তিনদিন ব্যাপী বার্ষিক শিল্পকর্ম পরিদর্শনী ও স্থায়ী আর্ট ক্যাম্প স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শেখ হাসিনা একদিনে ফ্যাসিস্ট হননি। এখন যারা গণতন্ত্রের কথা বলছেন, যারা ফ্যাসিবাদ বিরোধী কথা বলছেন। এদের বৃহদাংশের কারণেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছেন। এদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। কারন এরা মনে প্রানে ফ্যাসিবাদ ধারন করে আছে। সুযোগ পেলেই এরা ঘুরে দাঁড়াবে। উপশহরকে ব্যবসায়িক প্রতিষ্ঠান না করে বসবাসযোগ্য করার জন্য বিএনপি সব সময় চেষ্টা চালিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, উপশহরে আধুনিক পার্ক করার চেষ্টা করা হয়েছে। শিশু পার্কও করা হয়েছে। মসজিদ করা হয়েছে। মাস্টার প্লান পরিবর্তন করে উপশহরে মহিলা কলেজ করা হয়েছে। বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের ভবন নির্মাণ করা হয়েছে। উপশহরবাসীর প্রতি বিএনপির দায়বদ্ধতা আছে। সেটা থেকে বিএনপি সরে আসেনি। সরে যাবেও না।
যশোর উন্নয়নে বিভিন্ন কর্মসূচির উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, আমার পিতা মরহুম তরিকুল ইসলাম যশোর উন্নয়নে আন্তরিক ছিলেন বলে আধুনিক যশোর গড়ে তোলা সম্ভব হয়েছে। যে টুকু বাকি আছে সেইটুকু এখন করা হবে। ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের পূর্ণাঙ্গ করোনারী উদ্বোধনের পর যশোরে শিশু হাসপাতালের পূর্ণাঙ্গ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস. এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ মোঃ শামীম ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, উপশহর মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান পাান্নু, উপশহর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপশহর বাদশাহ ফয়সাল স্কুলের প্রধান শিক্ষক এসএম রবিউল আলম, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কলেজের স্থায়ী আর্ট ক্যাম্প ও তিনদিন ব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন এবং ১৪ শিক্ষার্থীর মাঝে শ্রেনি পুরস্কার প্রদান করেন।



