খুলনা বিভাগে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২৪৭ রোগী ভর্তি : মৃত্যু ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ২৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের বৃহস্পিতবার ( ৩ সেপ্টেম্বর) পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ২৪৭ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২০০ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬ হাজার ৫৩১ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, খুলনা জেলায় দুইজন এবং বাগেরহাট জেলায় একজনের ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৫৩২ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে ১৫৭ জনকে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ১১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন। খুলনা জেলায় এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৩২৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে দুইজনের৷ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩২৯ জন।
এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে একজনের৷ চলতি বছরে এ হাসপাতালে মোট ১ হাজার ৫২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে ১৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এ হাসপাতালে ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ৩৯ জন, সাতক্ষীরায় ১২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, যশোরে ১৭ জন, যশোরে ১৭ জন, মাগুরায় ৫ জন, নড়াইলে ৬ জন, কুষ্টিয়ায় ৩ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। প্রতিদিনই উল্লেখযোগ্যসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসাসেবা ব্যবস্থার ওপরও চাপ বাড়ছে। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তারস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।



